‘‘বিসিবি চাইলে অধিনায়কত্ব নিতে রাজি লিটন’’
নাজমুল হোসেন আর অধিনায়ক থাকতে চান না—গত অক্টোবরেই এমন খবর ছড়িয়ে পড়ে। যদিও এরপর আফগানিস্তান সিরিজে নাজমুলই বাংলাদেশকে নেতৃত্ব দেন। তবে নাজমুলের অধিনায়কত্ব করা না–করা নিয়ে মীমাংসা সে সিরিজেও হয়নি। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরে চোটের কারণে খেলেননি তিনি। এই সফরে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস।
বাংলাদেশকে ৩-০ ব্যবধানে সিরিজ জেতানোর পর এই উইকেটকিপার ব্যাটসম্যান বলেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাইলে তিনি স্থায়ীভাবে অধিনায়কত্ব নিতে রাজি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ নেতৃত্ব দিয়েছেন লিটন। কোচ থেকে শুরু করে দলের অনেক ক্রিকেটার তাঁর নেতৃত্বের প্রশংসা করেছেন। আর তাঁর অধীনেই ওয়েস্ট ইন্ডিজকে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে সিরিজ হারিয়েছে বাংলাদেশ।
নাজমুলের থাকতে না চাওয়া আর লিটনের ভালো অধিনায়কত্ব, সব মিলিয়ে টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে লিটনকেই সামনে নিয়ে আসছে। এ নিয়ে আজ সেন্ট ভিনসেন্টে সাংবাদিকদের সঙ্গে লিটন নিজের অবস্থান তুলে ধরেন, ‘বিসিবি দিলে আমি অধিনায়কত্ব করতে রাজি আছি। দ্বিমত থাকার কথা না। আমি এটা উপভোগও করছি। বোলাররা ভালো বোলিং করলে উইকেটের পেছন থেকে আমার জন্য কাজটা অনেক সহজ। আমাদের বোলাররা এখন নিজে থেকে জানে কীভাবে ফিল্ড ঠিক করতে হবে। আমার জন্য কাজটা অনেক সহজ। হ্যাঁ, তবে মাঠে আমি অনেক সিদ্ধান্ত নিই, যেগুলো এত দিন ক্রিকেট খেলার অভিজ্ঞতা থেকে নিই এবং বোলাররা যেভাবে সামর্থ্য দেখাচ্ছে, মাঠ চালানোটা আমার জন্য সহজ হচ্ছে।’


Post a Comment